জ্বলে উঠলেন কাইলিয়ান এমবাপ্পে। করলেন হ্যাটট্রিক। তার এমন দুর্দান্ত পারফরম্যান্সে ফ্রেঞ্চ কাপের সেমিফাইনালে লিঁওকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে গেল লিগ ওয়ানের শীর্ষে থাকা ক্লাবটি। পাঁচটি গোলের মধ্যে এমবাপ্পে করেন তিনটি। বাকি দুইটি গোলের মধ্যে একটি করেন নেইমার। অপরটি করেন পাবলো সারাবিয়া।
বুধবার (০৪ মার্চ) ম্যাচটি অনুষ্ঠিত হয় লিঁওর ঘরের মাঠে। প্রতিপক্ষের ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে পিএসজি। ম্যাচের ১১তম মিনিটে টেরিয়ারের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় লিঁও। তবে, ১৪তম মিনিটে এমবাপ্পের গোলে সমতা আনে পিএসজি। ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬১তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় লিঁও। দ্বিতীয়বার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফার্নান্দো মার্কালকে। ৬৪তম মিনিটে পেনাল্টি পায় পিএসজি। আর তা থেকে গোল করতে ভুল করেননি নেইমার।
৭০তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপ্পে। ৮১তম মিনিটে ব্যবধান ৪-১ করেন পাবলো সারাবিয়া। ম্যাচ তখন শেষের দিকে। এমন সময় হ্যাটট্রিক গোলটি করেন এমবাপ্পে। ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+২ মিনিট) লিঁওর জালে বল জড়ান তিনি।
এমবাপ্পে হ্যাটট্রিক করার পর পিএসজি কোচ টুখেল বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে এমবাপ্পে দুর্দান্ত খেলছে। ডর্টমুন্ডে ভিন্ন পজিশনে নেমে সে সংগ্রাম করেছিল। ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটি তার জন্য খুব কঠিন ছিল। সে খুব শক্তিশালী। সে তার গতিকে অসাধারণভাবে কাজে লাগায়।’
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























