তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪
দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ১৪ জন। এরমধ্যে টাঙ্গাইলের মির্জাপুরে ৬জন, ধামরাইতে ৬ জন, সিরাজগঞ্জে ১ জন ও ঢাকার সায়দাবাদ এলাকায় ১জন নিহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার মাটিভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
নিহতরা হলেন- উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল গ্রামের খলিল মিয়ার ছেলে হৃদয় (১৮), কুড়াতলী গ্রামের জহুর উদ্দিনের ছেলে সোনাম উদ্দিন (৬০), একই গ্রামের হাশেম আলীর ছেলে মাশরাফুল (৮), জাকির মাস্টার (৪০), হাফিজ উদ্দিন (৬০) ও তার মেয়ে রেনু আক্তার (২৫)।
নিহতরা প্রত্যেকেই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে। আহতদের মধ্যে একজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার (০৯ মার্চ) সকালে সখিপুর থেকে হাটুভাঙার দিকে ছেড়ে আসা মার্টিভর্তি দ্রুত গতির একটি ড্রাম ট্রাক সামনে থাকা যাত্রীবাহী সিএনজিকে ওভারটেক করতে গিয়ে না পেরে সেটিকে চাপা দেয়। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটিও দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় সিএনজি উল্টে গিয়ে যাত্রী হৃদয় ও মাশরাফুল ঘটনাস্থলে মারা যায়।
অপর যাত্রী সোনাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকির মাস্টার, হাফিজ উদ্দিন ও তার মেয়ে মারা যান। প্রাইভেটকারের চালক আহত রাব্বি জানান, ড্রাম ট্রাকের চালক সিএনজিকে ওভারটেক করতে গিয়ে না পেরে সিএনজিকে চাপা দেয় এবং প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, ড্রাম ট্রাকটি আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে ঢাকার ধামরাইয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাছ কাটার সময় ব্যাটারি চালিত ইজিবাইকের ওপর পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
দুপুর দেড়টার দিকে ধামরাইয়ের কাওয়ালিপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের মাদারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধামরাইয়ের বাইচাল গ্রামের আমিনুর সরকার নুরু (৬৫), কামারপাড়া গ্রামের সামছুল হক (৭০), তেলিগ্রামের রমজান আলীর স্ত্রী মাজেদা বেগম (৬৫), একই গ্রামের মহন আলীর স্ত্রী আয়শা বেগম (৬০), নিহত আমিনুর সরকার নুরুর স্ত্রী জাহানারা বেগম (৬৫) ও তেলিগ্রামের হোসেন আলীর স্ত্রী শেফালী বেগম (৬৪)। আহতরা হলেন- অটোরিকশা চালক হজরত আলী ও আমিনুর সরকার নুরুর নাতনি তামিম।
স্থানীয়রা জানান, দুপুরে বয়স্ক ভাতার কার্ডের জন্য ব্যাটারিচালিত ইজিবাইকে করে বালিয়া-কাওয়ালিপাড়া সড়ক দিয়ে কাওয়ালিপাড়া যাচ্ছিলেন ওই ৭ জন। এসময় মাদারপুর এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাছ কাটা হচ্ছিল। তাদের বহনকারী ইজিবাইকটি ওই এলাকা অতিক্রম করার সময় গাছটি ইজিবাইকের উপর পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন নিহত এবং চারজন আহত হয়। পরে গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহানারা বেগম ও শেফালী বেগমমের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র শাহ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
এ ছাড়া সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ বাসযাত্রী আহত।
এদিকে আজ দুপুর সাড়ে ১২টায় সায়দাবাদ এলাকায় সি-লাইন পরিবহন ও গ্রামীণ ট্রাভেলস নামের দুটি বাসের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম সবুর হোসেন (৪০)। তিনি গ্রামীণ ট্রাভেলস বাসের চালক ছিলেন। নিহত সবুর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















