সিডনিতে শুরু হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই ম্যাচের আগে কোয়ারেন্টাইনে নেয়া হয় অজি পেসার কেন রিচার্ডসনকে। যদিও পরীক্ষা নিরীক্ষার পর রিচার্ডসনের শরীরে করোনাভাইরাসের (কোবিড-১৯) রেজাল্ট এসেছে নেগেটিভ।
এতসব চিন্তা মাথায় রেখে সিডনিতে দর্শক শূন্য মাঠে খেলতে নামে তাসমানিয়ার দুই প্রতিবেশী দেশ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অজি অধিনায়ক অ্যারণ ফিঞ্চ।
ব্যাট করতে নেমে খুব একটা বড় লক্ষ্য দিতে পারেনি নিউজিল্যান্ডকে। নির্দিষ্ট ওভারে ৭ উইকেটে ২৫৮ রান তুলতে পারে ওয়ার্নার-ফিঞ্চরা।
অজিদের হয়ে ৬৭ রান করেন ডেভিড ওয়ার্নার, ৬০ রান করেন অ্যারন ফিঞ্চ আর ৫৬ রানের ইনিংস খেলেন মার্নাস লাভুশানে।
কিউইদের হয়ে ৩ উইকেট নেন ইশ সোধি আর ২টি করে উইকেট নেন লকি ফার্গুসন ও মিচেল সান্টনার।
জবাবে ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপে ভেঙে পড়ে কিউই ব্যাটিং লাইন-আপ। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস আসে ওপেনার মার্টিন গাপটিলের ব্যাটে।
এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন টম ল্যাথাম। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৪১ ওভারে মাত্র ১৮৭ রানে অল-আউট হয়ে যায় সফরকারীরা।
অজিদের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন পেট কামিন্স ও মিচেল মার্স। এছাড়া ২টি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা।
প্রথম ওয়ানডেতে ৭১ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ১৫ মার্চ সিডনিতেই।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























