প্রাণঘাতী করোনাভাইরাসের মৃত্যু মিছিল চলছে পুরো বিশ্বজুড়ে। এ ভাইরাসের ভয়ে বলতে গেলে পুরো বিশ্বই এখন লকডাউন কিন্তু তাতেও ঠেকছে না এর তাণ্ডব।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পরই স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে এ ভাইরাস। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৮০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৯১ জনে। একদিনে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯২২ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৮ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৯৪ জন। চিকিৎসাধীন রয়েছেন ৩৫ হাজার ২৭৩ জন। তাদের মধ্যে ৩২ হাজার ৬৩৭ জনের অবস্থা সাধারণ। বাকি ২ হাজার ৬৩৬ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকংশই আইসিউতে রয়েছেন বলে জানা গেছে।
দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মাদ্রিদের একটি হাসপাতালের ভিডিওতে দেখা যায়, হাসপাতালে জায়গা না পেয়ে শত শত মানুষ বারান্দায়, ব্যালকনিতে কিংবা হাসপাতাল কক্ষের সামনে শুয়ে আছেন। তাদের মধ্যে অনেকেই হাঁচি-কাশি দিচ্ছেন, অনেকেই অক্সিজেন নিচ্ছেন।
এছাড়া আরো শত শত মানুষকে হাসপাতালের ওয়েটিং রুমে অপেক্ষা করতে দেখা যায়, যারা চিকিৎসা নেয়ার জন্য মাদ্রিদের ওই হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন।
হাসপাতাল কর্মীদের সংগঠন জেনারেল ইউনিয়ন অব ওয়ার্কারের নেতা জাভিয়ার গার্সিয়া স্থানীয় দৈনিক এল মুন্ডকে বলেন, হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডগুলোর ধারণক্ষমতার চেয়ে তিনগুণ বেশি রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে অনেকেই শয্যা না পেয়ে মেঝেতে অথবা প্ল্যাস্টিকের চেয়ারে ৩০ ঘণ্টার বেশি সময় ধরে বসে আছেন।
বিজনেস বাংলাদেশ/ আরিফ

























