ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সেহরির পরে ঘুমন্ত পিতা আ: খালেক মোল্লাকে (৬৫) দা দিয়ে কুপিয় হত্যা করার অভিযোগ উঠেছে ছেলে লিটন মোল্লার (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় ঘাতক ছেলে লিটন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৫ এপ্রিল) ভোররাতে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ও ঘাতক ছেলে লিটন মোল্লা উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজার এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়িয়া থানার ওসি (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না জানান, ছেলে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে এলাকাবাসী। বেশ কিছুদিন ধরে ছেলে বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। হুমকি দেয়ার বিষযটি খালেক মোল্লা জানার পর পালিয়ে থাকতেন। কিন্তু শনিবার ভোররাতে সেহেরি খেয়ে ঘুমানোর পর বাবাকে একা পেয়ে ছেলে লিটন মোল্লা দা দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরে সকালে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ সময় অভিযান চালিয়ে ঘাতক ছেলে লিটন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/ ইমরান























