গত পাঁচদিন ধরে শেরপুরের কোন করোনার নমুনা পরীক্ষা হচ্ছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে। অথচ জেলায় এখন পর্যন্ত মোট ২৪ জন কোভিড-১৯ আক্রান্ত সনাক্ত হয়েছে। এরমধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৫জন । বাকী ১৯ জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকায় রেফার্ড করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত প্রক্রিয়াধীন রয়েছে ১৪৭ টি নমুনার পরীক্ষা । ফলে করোনা সন্দেহে নমুনা সংগৃহিত ব্যক্তিদের সংষ্পর্শে যাচ্ছেন সাধারণ মানুষ। এতে শঙ্কার মধ্যে রয়েছে শেরপুরবাসী।
জেলা সিভিল সার্জন ডা. একেএম আনোয়ারুর রউফ জানান, গত ২০ এপ্রিলের পর থেকে শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত কোন নমুনা পরীক্ষার রিপোর্ট আমরা পাইনি। আমি ব্যক্তিগতভাবে অনেকবার চেষ্টা করেছি শেরপুরের নমুনাগুলো পরীক্ষা করাতে। কিন্তু ময়মনসিংহ মেডিক্যাল কলেজ ল্যাবে শেরপুরের কোন নমুনাই এখন পরীক্ষা করা হচ্ছেনা। আমি ইতোমধ্যে বিষয়টি স্বাস্থ্য মন্ত্রনালয়ে জানিয়েছি। পরে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে ময়মনসিংহ ল্যাবে কথা বলেন তারা। এরপর ময়মনসিংহ ল্যাব থেকে আমাকে জানানো হয়, অনেক নমুনা প্রক্রিয়াধীন থাকায় শুধুমাত্র ময়মনসিংহ জেলা এবং জামালপুরের কিছু নমুনা পরীক্ষা করা হচ্ছে। তাই শেরপুর ও নেত্রকোনার সংগ্রহকৃত নমুনাগুলো পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।
শেরপুর জেলার গণমাধ্যমকর্মী প্রভাষক মহিউদ্দিন সোহেল বলেন, ‘আমরা শেরপুরবাসী সব দিকে থেকেই পিছিয়ে; কেনোনা এখনো এতোগুলো নমুনা প্রক্রিয়াধীন রয়েছে। এতে আমরাতো অবশ্যই শঙ্কার মধ্যে রয়েছি। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবে বলে আমি আশা করছি।’
এ ব্যাপারে জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, ‘আমরা বিষয়টি অতি গুরুত্বের সাথে দেখছি। ইতোমধ্যে আমাদের উর্ধ্বতন মহলের দৃষ্টি আর্কষণ করেছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এ বিষয়টি সমাধান হবে।’
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ























