চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার বিনোদপুর গ্রামের এক সবজি চাষির কলাগাছ, লাউ ও করলা ক্ষেত কেটে বিনষ্ট করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুত্রবার ভোররাতে বিনোদপুর পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিনোদপুর গ্রামের মৃত আমোদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক পৈত্রিকসূত্রে আবাদযোগ্য জমি পেয়েছেন মাত্র দেড় বিঘা। সেখানে সারা বছর সবজি আবাদ করে সংসার চালান। এ বছর তিনি কলাগাছ, লাউ ও করলা চাষ করেছিলেন। আজ শুক্রবার ভোররাতে শত্রুতা করে কে বা কারা সবজি চাষির সব ফসল কেটে দিয়েছে। কারা এ সর্বনাশ করেছে সে সম্পর্কে কিছুই বলতে পারেননি সর্বশান্ত এই চাষি।
সরেজমিন ঘুরে দেখা গেছে, কলাগাছগুলোতে আর কিছুদিনের মধ্যেই মোচা বের হতো। আর বানজুড়ে ছিলো লাউ ও করলা গাছের বাড়ন্ত লতা। সহসাই লাউ ও করলা গাছে ফুল আসতো। সবজি ক্ষেতে বসে ক্ষতিগ্রস্ত চাষি অঝোরে অশ্রু ঝরাচ্ছেন। প্রতিবেশীরা স্বান্তনা দেয়ার চেষ্টা করছেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















