প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার (চুক্তিভিত্তিক) মো. আজিজুর রহমান চৌধুরীর মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গ্রামের বাড়িতেই তার দাফন হবে বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আজিজুর রহমান পুলিশের বিশেষ শাখায় (রাজনৈতিক) কর্মরত ছিলেন। ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ বইটি তৈরিতে যুক্ত ছিলেন তিনি।
১৯৮২ সালের ১ জানুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেন আজিজুর রহমান। বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনের পর ২০০২ সালের ২৭ অগাস্ট পুলিশের বিশেষ শাখায় যোগ দেন তিনি। পরে সেখান থেকেই ২০১৯ সালের ৩০ এপ্রিল স্বেচ্ছায় অবসরে যান।
তবে সিক্রেট ডকুমেন্ট প্রণয়নের কাজে বিশেষ পারদর্শিতার কারণে সরকার তাকে পরবর্তীতে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। ১৯৫৯ সালের ১ মে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নন্দ নগর গ্রামে জন্ম নেওয়া আজিজের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর















