অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সম্প্রতি মন্ত্রিপরিষদের কঠোর নির্দেশনার পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন অভিযানে নেমেছে বালু উত্তোলনের বিরুদ্ধে।
গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার জিনোদপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রবীন মিয়া নামের এক বালু ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্থানীয় ওই প্রভাবশালী বালু ব্যবসায়ীকে অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, উপজেলার জিনোদপুর ইউনিয়নের নীলনগর এলাকায় স্থানীয় কড়ইবাড়ি গ্রামের সগির মিয়ার ছেলে রবীন মিয়া দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। বিষয়টি উপজেলা প্রশাসরের নজরে এলে, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবীন মিয়াকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে এক লাখ টাকা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় তাকে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এসি ল্যান্ড ইকবাল হাসান বলেন, ‘উপজেলার কৃষি জমি সুরক্ষায় এ ধরনের অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’
বিজনেস বাংলাদেশ/ এ আর






















