গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ব্রিজের রেলিং থেকে পড়ে মুরাদ শেখ (২২) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মুরাদ শেখ উপজেলার গোবরা গ্রামের খোকা মিয়া শেখের ছেলে।
তিনি উলপুর বাজারে রাসেল শেখের ওয়ার্কসপে শ্রমিকের কাজ করতেন।
শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, কাজ শেষে রাসেল শেখ বন্ধুদের সঙ্গে ব্রিজের রেলিংয়ের উপর বসে গল্প করছিল। হঠাৎ করে সে রেলিং থেকে পড়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারে অভিযান শুরু করে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, খুলনার ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা সকালে এসে উদ্ধার তৎপরতা চালাবে।






















