লেবাননের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সে দেশে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যুক্তরাজ্যে শনাক্ত হওয়া নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের সঙ্গে মিল রয়েছে এটির।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলছে, ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্তের খবর দেওয়া হয়েছে। এবার লেবানন থেকেও একই খবর পাওয়া গেল।
ফ্রান্সে নতুন আক্রান্ত ওই ব্যক্তি গত ১৯ ডিসেম্বর লন্ডন থেকে ফিরেছেন। বর্তমানে তিনি নিজের বাড়িতে কোয়ারেন্টিনে রয়েছেন। তবে তার শরীরে এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দেয়নি।
লেবাননের তত্ত্বাবধায়ক স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, লন্ডন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত ২১ ডিসেম্বর তিনি ফিরেছেন।
মিডল ইস্ট এয়ারলাইন্সের একটি বিমানে ওই ব্যক্তি লন্ডন থেকে লেবাননে ফিরেছেন। ওই বিমানে আসা অন্য যাত্রী ও তাদের পরিবারকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইতালি এবং জাপানেও নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া সিঙ্গাপুরের নতুন বৈশিষ্ট্যের করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে।
সূত্র: আল-জাজিরা
বিজনেস বাংলাদেশ/ এ আর


























