যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী অগ্রভুলোট গ্রামে শনিবার বিকালে মোক্তার আলী (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। প্রতিবেশীদের বিরোধ মেটাতে গিয়ে তিনি খুন হন বলে জানা গেছে। নিহত মোক্তার আলী শার্শার অগ্রভুলোট গ্রামের মৃত চাঁন্দালী সর্দারের ছেলে। নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ইউপি সদস্য তবিবুর রহমান জানান, অগ্রভুলোট গ্রামের উত্তরপাড়ার মৃত মোমিন আলীর ছেলে আবু বক্করের সঙ্গে হারুলের ছেলে মামুনের মধ্যে জমি লেখালেখি নিয়ে বিরোধ চলছিল। মামুন ও আবু বক্কর সম্পর্কে মামা ভাগ্নে। আবু বক্কর তার বাবা মোমিন আলী মারা যাবার আগে তার কাছ থেকে নিজের নামে ৩ বিঘা জমি লিখে নেয়।
এ ঘটনায় মামুন সকালে তার মামা আবু বক্করকে মাঠে মারতে যায়। এনিয়ে শনিবার বিকালে আবু বক্কর প্রতিবেশী মোক্তার আলীসহ অন্যদের নিয়ে সেখানে বিরোধ মেটাতে গিয়েছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে মামুন (২৪) তার হাতে থাকা দা দিয়ে মোক্তার আলীর গলায় ও পেটে কোপ দিলে ঘটনাস্থলেই মোক্তার আলী নিহত হন। এর পরই মামুন পালিয়ে যায়।
এদিকে গোগা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, মামা ভাগ্নের কথা কাটাকাটি নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা শুনতে পেরেছি হত্যাকারী মামুনসহ দুজন ভারতে পালিয়ে গেছে।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে। এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
যশোরের নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুক্তার আলী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যার ঘটনায় দোষীদের দ্রুত সময়ের মধ্যে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















