শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেছেন, নৌকার প্রশ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীরা কখনো আপোষ করে না। আওয়ামী লীগ যখনই ঐক্যবদ্ধ হয়, তখনই নৌকার বিজয় আসে। আর নৌকার বিজয় মানেই দেশের উন্নয়ন, সমৃদ্ধি। কারণ, নৌকা এগিয়ে গেলে জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যায়, আর শেখ হাসিনা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তাই কোনো অপশক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকার কাছে টিকবে না।
বুধবার (২০জানুয়ারি) বিকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা ও বিভিন্ন সংগঠনের যৌথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মেয়াদে যে উন্নয়ন হয়েছে, তা অন্য কোনো সরকার করতে পারেনি। এই উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে সকল নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মোড়লের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাড়ী, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিকদার আব্দুল মান্নান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আজম ফরিদী, মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার সরদার, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদারসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















