জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় শেরপুরের ৫ উপজেলায় ২৯১ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ নতুন ঘর। আগামী ২৩ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তর করবেন। এ উপলক্ষে ২১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক আনার কলি মাহবুব।
এসময় তিনি আরও জানান, ‘মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না’- প্রধানমন্ত্রীর এ অঙ্গীকার অনুযায়ী জেলার ৫ উপজেলায় প্রতিবন্ধী, ভিক্ষুক, রিক্সাচালক, দিনমজুর, বিধবা, কাজের মহিলাসহ ২৯১টি গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ সেমি পাকা ঘর। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৩ লাখ ৫৫ হাজার টাকা। ইতোমধ্যে ২০৭টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। বাকিগুলোর নির্মাণ কাজও শেষ পর্যায়ে রয়েছে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালীউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুক্তাদিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















