শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ঘনকুয়াশায় ফেরি চলাচল রোববার (২৪ জানুয়ারি) রাত ১০টা থেকে বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় ৩টি ফেরিতে প্রায় চার শ যাত্রী ও বেশকিছু যানসহ আটকা পড়েছে।
বিআইডব্লিউটিসির ম্যানেজার আহম্মদ আলী সময় নিউজকে জানান, বহরের ১৭ ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছিল। কিন্তু কুয়াশার কারণে বয়াবাতি কিছুই দেখা না যাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাটে অপেক্ষা করছে শত শত যান। সময় বৃদ্ধির সাথে যানবাহনের লাইন আরও দীর্ঘ হচ্ছে।
লাশবাহী গাড়িসহ বহু জরুরি যান ঘাটে দীর্ঘ সময় ধরে আটকে আছে। ফেরিতে আধুনিক ফগ লাইট স্থাপনের দাবি ভুক্তভোগীদের।
আগে যে ৩টি ফেরিতে ফগ লাইট ছিল সেগুলো কার্যকর নেই। সাড়ে ১০ কিলোমিটারের এই নৌপথ তাই পারি দেয়া যাচ্ছে না। ৮৭টি লঞ্চ ও সাড়ে চার শ স্পীডবোর্ট এবং কয়েক ট্রলার সবই বন্ধ এখন। এছাড়া ঘাটে পর্যাপ্ত টয়লেট সুবিধা না থাকায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।


























