সামরিক অভ্যুত্থানের আগে মিয়ানমারকে বিপুল অঙ্কের আর্থিক সহায়তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ। বার্তা সংস্থা রয়র্টাস তাদের খবরে জানিয়েছে, করোনা মহামারি মোকাবিলায় গেল সপ্তাহে দেশটির সরকারকে ৩৫ কোটি ডলার পাঠানো হয়। এই বিপুল অর্থ মিয়ানমারের সামরিক সরকার এখন কিভাবে খরচ করবে সে বিষয়টি স্পষ্ট করছে না।
আইএমএফের এই অর্থ সহায়তার পরই সোমবার অং সান সু চি ও তার নেতা-কর্মীদের গৃহবন্দী করে সেনাবাহিনী। এরই মধ্যে জারি করা হয়েছে সামরিক শাসন। গ্রেফতার স্টেট কাউন্সিলর সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্তের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার আটক দুজনকে ১৪ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। এ নিয়ে দেশটির সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গেছে। রাজধানী নাইপিদোতে নানাভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে সাধারণ মানুষ।
মিয়ানমারে সামরিক শাসনের ফলে আইএমএফের অর্থ নিয়ে বেশ জটিলতা সৃষ্টি হয়েছে। সু চি আটক হওয়ায় এই অর্থ ফেরত আনার কথা ভাবছে সংস্থাটি।
আইএমএফের এক মুখপাত্র রয়টার্সকে বলেছেন, গত সপ্তাহে ৩৫ কোটি ডলার মিয়ানমারে পাঠানো হয়েছে। ঘটনাক্রমের ওপর আমরা নজর রাখছি। অর্থনীতি ও জনগণের ওপর এর কী প্রভাব পড়বে, তা নিয়ে আমরা উদ্বিগ্ন।
সূত্র: রয়টার্স


























