রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল নয়টার সময়ে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের কামিলাছড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম অভিষেক পাল (২১)। সে ক্ষীপুরের রামগঞ্জের সুধাংশু বিকাশ পালের ছেলে। তারা বর্তমানে ফেনীর মাস্টার পাড়াতে থাকতেন। তিনি ঢাকা তেজগাঁও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের ছাত্র ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই থানার ওসি মো.নাসির উদ্দিন।
নিহত অভিষেক পালের এক বন্ধ নিউজ বাংলাকে বলেন, সকালে ছয় বন্ধু মিলে কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক সিএনজিতে করে রাঙ্গামাটি যাচ্ছিল। সকাল ৯ টার সময়ে মগবান ইউনিয়নের কামিলাছড়ির সড়কে এক হাতির মুখোমুখি হয়। এক পর্যায়ে অভিষেক পাল বনের দিকে দৌঁড়ে পালানোর সময় পেছন থেকে হাতিটি আক্রমণ করে। এসময় হাতির আক্রমনে অভিষেক পাল গুরুতর আহতে হলে কাপ্তাই সদর উপজেলা হাসপাতালে নিয়ে যার সময়ে তিনি মারা যান।
কাপ্তাই থানার ওসি মো.নাসির উদ্দিন বলেন, এইমাত্র তথ্যটি পাওয়া গেছে। নিহত অভিষেক পালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরিবারের স্বজনরা আসলেই মরদেহ হস্তান্তর করা হবে। আইনের প্রক্রিয়ানুযায়ি পরবর্তীতে থানায় একটি অপমৃত্যু মামলা হতে পারে বলে জানান ওসি।
কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা.ওমর ফারুক রনি নিউজ বাংলাকে বলেন, অভিষেক পালকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















