মাশরাফি এখন বিশ্ব তরুণ নেতা। সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক সংস্থা ‘ফোরাম অব ইয়াং গ্লোবাল লিডার্স’-এর ২০২১ সালে বিশ্বের ১১২ জন তরুণ নেতার তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ তালিকায় মাশরাফিসহ দক্ষিণ এশিয়ার মোট ১০ জন স্থান পেয়েছেন। ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় এমন স্বীকৃতি পেলেন।
প্রতিবছর রাজনীতি, বাণিজ্য, শিক্ষা, গণমাধ্যম এবং কলায় বিশেষ অর্জন আর অবদান রাখা তরুণ ব্যক্তিত্বদের এই সম্মাননা দেয় সংস্থাটি। এই তালিকায় স্থান পান অনূর্ধ্ব ৩৮ বছর বয়সীরা। মাশরাফির বয়স এখন ৩৭।
তালিকায় দক্ষিণ এশিয়ার ১০ জনের মধ্যে ভারতেরই ৭ জন। বাংলাদেশের একজন ছাড়া পাকিস্তান ও নেপালের একজন করে প্রতিনিধিত্ব করছেন।
সংস্থাটির ওয়েবসাইটে মাশরাফি সম্পর্কে বলা হয়েছে, মাশরাফি বিন মুর্তজা একজন বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে অধিনায়ক ছিলেন। অবসরের আগে তিনি টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক ছিলেন। তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ক্রিকেট ছাড়াও তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তার শহর নড়াইলের দারিদ্র্যের জাল থেকে মানুষকে বেরিয়ে আসতে সহায়তা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
তিনি নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন একটি দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই দাতব্য প্রতিষ্ঠানটির মাধ্যমে কয়েকটি লক্ষ্য অর্জনে কাজ করছেন। লক্ষ্যগুলো হল- মানুষের জন্য আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করা এবং একটি বিশেষ শিক্ষাব্যবস্থা প্রদান করা, নৈতিক ও মানবিক শিক্ষাব্যবস্থা চালু করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে, সাংস্কৃতিক ক্রিয়াকলাপ বাড়ানো, ক্রীড়া প্রশিক্ষণ প্রদান, চিত্রা নদীর পার ঘেঁষে একটি পর্যটনকেন্দ্র স্থাপন, নড়াইলকে একটি প্রযুক্তি ও পরিবেশ বান্ধব শহর করে গড়ে তোলা।
বিজনেস বাংলাদেশ/ এ আর























