টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার গোড়াই-সখীপুর সড়কের পাঁচগাও চেয়ারম্যান বাড়ি এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মির্জাপুরের জামুর্কী ইউনিয়নের গোড়ান গ্রামের আক্রাম হোসেনের ছেলে এস এম আরিফ হোসেন ভুলু (৬৫), সাটিয়াচড়া গ্রামের মাজম আলীর ছেলে মোন্তাজ মিয়া (৬৫) ও বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মইজ উদ্দিনের স্ত্রী ফুল খাতুন (৬৫)।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে ফুল খাতুন মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের। পথিমধ্যে গোড়াই-সখিপুর সড়কের পাঁচগাও চেয়ারম্যান বাড়ি এলাকায় রাস্তা পাড় হওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে তাকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।
এদিকে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাটিয়াচড়া এলাকায় আরিফ ও মন্তাজ রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী মুরগীভর্তি একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয় । পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কুমুদিনী হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে রাত দেড়টার দিকে তাদের মৃতু্যূ হয়।
মির্জাপুর থানার ওসি রিজাউল হক গোড়াই হাইওয়ে থানার পুলিশের ওসি মোফাখখার হোসেন দুর্ঘটনা বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















