ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত মাইকেল হেমনিটি উইনথার সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার আইসিটি বিভাগে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে তাঁরা তথ্য প্রযুক্তিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন।
এসময় মোস্তাফা জব্বার বাংলাদেশ ও ডেনমার্ক বন্ধুপ্রতীম দুটি দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি তথ্যপ্রযুক্তি বিকাশে বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরেন।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি খাতে দেশের তরুণ প্রজন্ম বিরল প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। তিনি অটোমেশনের মাধ্যমে সদ্য সমাপ্ত ফোরজি নিলামে দেশে উদ্ভাবিত সফটওয়্যারের সফলতা তুলে ধরেন। মন্ত্রী সরকারের বিনিয়োগ বান্ধব নীতি তুলে ধরে বলেন, বাংলাদেশ বিনিয়োগের জন্য অত্যন্ত লাভজনক একটি স্থান। তিনি সরকারের বিনিয়োগ বান্ধব নীতি কাজে লাগিয়ে আইসিটিসহ বিভিন্নখাতে বাংলাদেশে বিনিয়োগে ডেনমার্ককে এগিয়ে আসতে রাষ্ট্রদূত কার্যকর অবদান রাখবেন বলে আশাবাদব্যক্ত করেন।

























