করোনা সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে বিএনপি জনগণকে সচেতন না করে উল্টো ঢালাওভাবে সরকারকে দুষছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।
যারা সমালোচনার খাতিরে শুধু সমালোচনায় লিপ্ত তাদের স্মরণ করে দিয়ে ওবায়দুল কাদের জানতে চান করোনা মোকাবেলায় সরকারের অব্যস্থাপনাই যদি থাকতো তাহলে সংক্রমণের সংখ্যা ৮ হাজার থেকে ৬’শ এর নিচে এবং মৃত্যুর সংখ্যা ১১২ জন থেকে ৪০ এর নিচে নেমে আসলো কি করে?
স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন করোনা খুব তাড়াতাড়ি চলে যাবে এটা ভাবার কোন কারণ নেই।
বিএনপি মহাসচিব লকডাউনের আগে কঠোর লকডাউন দেওয়ার দাবির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন সরকার যখন সার্বিক পরিস্থিতি বিবেচনায় লকডাউন বা সাধারণ ছুটির ঘোষণা করলো,তখন তারা কৌশলে এর বিরোধিতা করলো।
বিএনপি ভ্যাকসিনের বিরোধিতা করে জনগণকে ভ্যকসিন গ্রহণ থেকে দূরে রাখতে যে অপপ্রচার চালিয়েছিলো তাও ব্যর্থ হয় বলেও জানান ওবায়দুল কাদের।
বিএনপি মহাসচিব এখন শাটডাউন, ক্র্যাকডাউন নানান পরিভাষা ব্যবহার করছে অথচ যখন মানুষের জীবন-জীবিকার সুরক্ষাই অগ্রাধিকার, সেখানে তারা অব্যাহতভাবে অপরাজনীতি চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























