২০২১-২২ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে প্রায় ৩ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। এ বছর স্বাস্থ্যখাতে মোট ২৫ হাজার ৯১৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এ বাজেট উত্থাপন করেন।
গতবছর স্বাস্থ্য সেবা বিভাগে বরাদ্দের পরিমাণ ছিল ২২ হাজার ৮৮৩ হাজার কোটি টাকা এবং সংশোধিত আকারে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিল ২৫ হাজার ৭৩৪ কোটি টাকায়।
বাজেটে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৬ হাজার ৮১৭ কোটি টাকা। গত বছর এই খাতে বাজেট উপস্থাপন করা হয়েছিল ৬ হাজার ৩৬২ কোটি টাকা এবং পর্যালোচনা শেষে বরাদ্দ হয়েছিল ৫ হাজার ৭৩৮ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় সংসদ অধিবেশন শুরু হওয়ার পর অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা শুরু করেন। এর আগে মন্ত্রিসভার বৈঠকে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার এই বাজেট অনুমোদন দেওয়া হয়।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে বাজেট অনুমোদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অধিবেশনকক্ষে প্রবেশ করেন। এরপর সংসদের বেঠক শুরু হওয়ার পর অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা শুরু করেন।
করোনার পরিস্থিতির মধ্যে এটি দ্বিতীয় বাজেট এবং আওয়ামী লীগের এই তৃতীয় মেয়াদের সরকারের ও অর্থমন্ত্রী মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট। এটা দেশের ৫০তম এবং স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ সরকারের ২২তম বাজেট।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















