দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৬৯ জনের। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৭০ জন। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ১২ হাজার ৯৬০ জনে।
সোমবার (৭ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার (৬ জুন) করোনাভাইরাসে আক্রান্ত ৩৮ জনের মৃত্যু হয়। এদিন নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১ হাজার ৬৭৬ জন।
করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৩ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১২ হাজার ৮৬৯ জনের মধ্যে পুরুষ ৯ হাজার ২৭৫ জন এবং নারী ৩ হাজার ৫৯৪ জন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২২ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩ জন এবং ৩১ থেকে ৪০ বছরের ৩ জন রয়েছেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর
















