রাত পোহালেই দেখা মিলবে ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় মহারণের। কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আর্জেন্টিনা। ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আগেই উত্তেজনা চরম পারদে। সারা বিশ্ববাসী এখন সুপার ক্ল্যাসিকোর ফাইনাল ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে।
আর্জেন্টিনার ওপর চাপ স্বাভাবিকভাবেই বেশি। সেই ১৯৯৩ সাল থেকে আন্তর্জাতিক কোনো শিরোপার স্বাদ পাওয়া হচ্ছে না যে! ব্রাজিলের অবশ্য সে যন্ত্রণা নেই। প্রায় দুই দশক ধরে বিশ্বকাপ না জিতলেও কোপা আমেরিকা কিংবা কনফেডারেশনস কাপ, এর মধ্যে ব্রাজিল জিতেছে বেশ কয়েকবার। এমনকি গত কোপার চ্যাম্পিয়নও তারা। সব মিলিয়ে একটা আন্তর্জাতিক শিরোপার জন্য আর্জেন্টিনা যেমন বুভুক্ষু, ব্রাজিলের অবস্থা ঠিক তেমন না।
তাই বলে এই ম্যাচের আবেদন কি একটুও কমেছে? অবশ্যই নয়! শিরোপার গুরুত্ব যার কাছে যেমনই হোক না কেন, একে তো এটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের চূড়ান্ত লড়াই, তার ওপর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর প্রতিদ্বন্দ্বিতা; যুদ্ধের আমেজ তো এখানে থাকবেই। নেইমাররা মাঠে নামবেন শিরোপা রক্ষা করতেই।
ওদিকে মেসি মাঠে নামবেন নিজের ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা ঘোচানোর দায় নিয়ে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ অনেক ব্রাজিলিয়ানকে দেখা গেছে, যাঁরা দলগত রেষারেষি আর জাতীয়তাবোধের ঊর্ধ্বে উঠে চাইছেন আর্জেন্টিনার হাতে যেন শিরোপা শোভা পায়। কিন্তু কেন? অনুসন্ধানী এক প্রতিবেদনে এর কিছু কারণ বের করেছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্তস।
ফুটবলার হিসেবে মেসি নিজেকে যে পর্যায়ে নিয়ে গেছেন, সে কারণে বহুদিন আগে থেকেই মেসিপ্রীতি আর্জেন্টিনা কিংবা স্পেন ছাড়িয়ে ছড়িয়ে গেছে বহু-বহুদূর। মেসির প্রতি ভালোবাসাকে যেন কোনো দেশীয় সীমানা দিয়ে আটকে রাখা যায় না।
গত সপ্তাহেও টিওয়াইসি স্পোর্তসের এক ভিডিওতে দেখা গেছে, অনেক ব্রাজিলিয়ান রাস্তায় নেমেছেন শুধু মেসির প্রতি গলা ফাটানোর জন্য। মেসির প্রতি সমর্থন প্রকাশ করার জন্য। অনেকের হাতে পা পিঠে শোভা পেয়েছে মেসি ছবি আঁকা ট্যাটু। যেহেতু মেসির ক্যারিয়ারে এই একটাই অপ্রাপ্তি, তাই মেসিভক্ত অনেক ব্রাজিলিয়ানই চাইছেন ক্যারিয়ারের এই পর্যায়ে এসে যেন অবশেষে মেসি কিছু একটা জেতেন। তাঁরা মনে করেন, মেসি অন্তত একটা শিরোপা জিতলে তাঁর প্রতি সুবিচার হবে।
১৯৯৩ সালের পর ব্রাজিল বেশ কয়েকবারই আন্তর্জাতিক শিরোপা জিতেছে। বিশ্বকাপই জিতেছে দুবার। কোপা জিতেছে পাঁচবার। কনফেডারেশনস কাপ জিতেছে চারবার। গত ২৮ বছরে যেখানে ব্রাজিলের ট্রফিকেসে ১১টা শিরোপা জ্বলজ্বল করছে, আর্জেন্টিনার ট্রফিকেসে সেখানে মাকড়সার জাল আর ধুলাবালু ছাড়া কিছুই নেই। শিরোপা জিততে কেমন লাগে, সেটা ব্রাজিলের সমর্থকদের কাছে অজানা কিছু না।
বরং মেসির আর্জেন্টিনাই জানে না, শিরোপা জিততে কেমন লাগে। অনুভূতিটা কী হতে পারে। তাই অনেক ব্রাজিলিয়ান এবার চাইছেন, ২৮ বছরের অধরা শিরোপাটা মেসির হাত ধরে এবারই যাক আর্জেন্টিনার মাটিতে।

























