অবশেষে সবুজ সংকেত পাওয়া গেছে। সোমবার নকআউট পর্ব থেকেই মাঠে উপস্থিত হয়ে বিপিএলের খেলা দেখতে পারবেন দর্শকরা। তবে খুবই স্বল্প পরিমাণে। সেখানে বলা হয়েছিল, আড়াই হাজার দর্শককে টিকিট দেয়া হবে।
কিন্তু সেখান থেকে সংখ্যা বেড়েছে। টিকিট দেওয়া হবে তিন থেকে চার হাজার দর্শককে। ২৫ হাজার ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে হাজির হয়ে খেলা উপভোগ করতে পারবেন স্বল্প কিছু দর্শক।
শনিবার বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন প্রথম জানিয়েছিলেন, দর্শক মাঠে আসতে পারে। এ নিয়ে তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের উচ্চ পর্যায়ের সঙ্গে আলাপ করছেন। আজ রোববার বিকেলে সে তথ্যেরই নিশ্চয়তা দিলেন বিসিবি মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান তানভির আহমেদ টিটু।
বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান নতুন যেটা যোগ করেছেন। তিনি বলেন, ‘২৫ হাজার দর্শক আসনবিশিষ্ট শেরে বাংলা স্টেডিয়ামে অল্প কয়েক হাজার (তিন-চার হাজার) দর্শককে খেলা দেখতে দেওয়াটাও বিরাট ঝক্কির। কাকে রেখে কাকে দেওয়া হবে। কেউ টিকিট পাবেন, কেউ পাবেন না- তা নিয়ে আবার সৃষ্টি হতে পারে হট্টগোল। তাই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, টিকিট জনসাধারণের কাছে বিক্রি করা হবে না। অর্থাৎ জনগণের জন্য টিকিট উন্মুক্ত করা হবে না। টিকিটগুলো বিসিবি থেকে দেওয়া হবে সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজিদের কাছে। অর্থাৎ নকআউট পর্বে যারা উঠে এসেছে এবং যেদিন যাদের খেলা তাদের কাছে টিকিটগুলো দেওয়া হবে। তারা নিজ নিজ সমর্থকদের কাছে টিকিট বণ্টন করবে।’
বিজনেস বাংলাদেশ/ এ আর


























