বুড়িগঙ্গা আদি চ্যানেল পুনরুদ্ধারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত সীমানা নির্ধারণ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করতে আকস্মিক পরিদর্শনে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরিদর্শনকালে তিনি একটি ১০ তলা ভবনের অংশবিশেষ ও খাল দখল করে গড়ে তোলা অন্যান্য বহুতল ভবন, ভবনের দেয়াল ও স্থাপনা ভাঙার নির্দেশ দেন।
বুধবার (১৩ জুলাই) বুড়িগঙ্গা আদি চ্যানেলের কালুনগর স্লুইসগেট ও সংলগ্ন এলাকায় অনির্ধারিত পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশনা দেন। এসময় খালের মধ্যে নবনির্মিত একটি ১০ তলা ভবনের শিয়ার ওয়াল থাকায় বিস্ময় প্রকাশ করে তাপস বলেন, খালের মধ্যে শিয়ার (Shear) ওয়াল দিয়েছে! খালের মধ্যে তো শিয়ার ওয়াল হবে না। খালের জায়গা ছেড়ে শিয়ার ওয়াল হবে। তারপরে তার ভবন হবে। সে তো খালের মধ্যে শিয়ার ওয়াল দিয়েছে। এটি ভাঙা যাবে।
পরিদর্শনকালে মেয়র খালের মুখের (কালুনগর স্লুইসগেটের এলাকা) প্রশস্ততা কত ফুট জানতে চাইলে সংশ্লিষ্ট কর্মকর্তারা ৩১৫ ফুট বলে অবগত করেন। এসময় মেয়র সংশ্লিষ্ট কর্মকর্তাদের সীমানার মধ্যে থাকা সকল অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, কাউন্সিলরদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৫ নম্বর ওয়ার্ডের মো. নুরে আলম ও সংরক্ষিত আসনের নিলুফার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।






















