গলে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। গলে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দশ হাজারি ক্লাবের অংশ হন তিনি।
মাত্র ২২৮ ইনিংসে ১০,০০০ রানের গন্ডি পার করলেন বাবর। সবমিলে ৮৮তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। অবশ্য ইনিংসের বিচারে দশ হাজারি ক্লাবে প্রবেশ করা দ্রুততম ক্রিকেটারদের তালিকায় বাবরের অবস্থান ৫ নম্বরে।
২০৬ ইনিংসে আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ রান পূর্ণ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস। এরপরের স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। তার দশ হাজারি ক্লাবে ধুঁকতে সময় লেগেছিল ২১৭ ইনিংস। আরেক উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার লেগেছিল ২২০ ইনিংস। জো রুট করেছিলেন ২২২ ইনিংসে। এই চারজনের পরেই আছেন বাবর আজম।
শুধু এশিয়ান ব্যাটারদের তালিকা করলে অবশ্য বাবর আজম সবার উপরে। এতদিন ২৩২ ইনিংসে ১০,০০০ আন্তর্জাতিক রান করা বিরাট কোহলি ছিলেন এশিয়ান ব্যাটারদের মধ্যে সবার উপরে। এবার বিরাটের শীর্ষস্থান দখল করে নিলেন বাবর আজম।
ভারতের সুনীল গাভাস্কারের খেলতে হয়েছিল ২৪৩ ইনিংস। বাবরের স্বদেশী জাভেদ মিয়াঁদাদ ২৪৮ ইনিংসে পুর্ণ করে আছেন দ্রুততম এশিয়ানদের মধ্যে ৪ নম্বরে। ৫ নম্বরে থাকা সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলির লেগেছিল ২৫৩ ইনিংস।
পাকিস্তানের হয়ে মোট ১১ ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে ১০,০০০ -এর বেশি রান করেছেন। যেখানে সবার ওপরে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।

























