শনিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
নুরুল হাসান সোহানের নেতৃত্বে একঝাঁক তরুণ ও নতুন ক্রিকেটারকে পাঠানো হয়েছে জিম্বাবুয়েতে। ধারণা করা হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তারুণ্যনির্ভর দল সাজানোর পরিকল্পনা থেকেই জিম্বাবুয়েতে বিশ্রাম দেওয়া হয়েছে সব অভিজ্ঞ তারকাদের।
তবে পরিকল্পনা যাই হোক, নতুন অধিনায়ক সোহানের সহজ কথা- সিরিজ জিততেই জিম্বাবুয়ে সফরে গিয়েছেন তারা। দলে তরুণ বা অপরীক্ষিত খেলোয়াড়দের উপস্থিতি থাকলেও, সে কারণে যে শিখতে জিম্বাবুয়ে গেছেন তারা- মোটেও তা নয়।
ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে সোহানের দৃপ্ত কণ্ঠে শোনা গেলো, ‘আমরা জানি সামনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারি। তবে সেজন্য আমরা তৈরি। আপনি হয়তো বলতে পারেন এটি তরুণ দল। তবে আমরা শিখতে আসিনি, জিততে এসেছি।’
নিজের দলকে অনভিজ্ঞও মানতে নারাজ টাইগারদের নতুন অধিনায়ক, ‘আপনি বলতে পারেন না যে আমরা অনভিজ্ঞ দল। কারণ অনেক খেলোয়াড়ই ৬-৭ বছর ধরে খেলছে। তাই আমার মনে হয় অভিজ্ঞতা ঠিক আছে। কন্ডিশন হয়তো একটু আলাদা। তবে এটি অজুহাত হতে পারে না।’
তবে পাওয়ার হিটিংকে এক পাশে সরিয়ে রেখে নিজেদের বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলার প্রত্যয় সোহানের, ‘আমরা আমাদের ব্র্যান্ড অব ক্রিকেট খেলতে চাই। অনেক দল আছে যারা পাওয়ার হিটিংয়ে এগিয়ে। তবে আমরা যদি বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে পারি তাহলে সবসময়ই সুযোগ থাকবে।’
বিজনেস বাংলাদেশ/ এ আর

























