পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, ‘একটি কুচক্রী মহল তিন মাস আগ থেকে বলছে, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। এসব কথা আমলে নিয়ে দুশ্চিন্তা করবেন না, দেশ শ্রীলঙ্কা হবে না। শেখ হাসিনার দূরদর্শিতা ও সুযোগ্য নেতৃত্বে আমরা সব কঠিন পরিস্থিতি মোকাবিলা করে এগুচ্ছি। আর মাত্র এক মাস আমরা আগের অবস্থানেই ফিরে যাব।’
বুধবার সকালে সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধুর মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় ৮০ জন উপকারভোগীদের মধ্যে ৫০ হাজার টাকা করে ৪০ লাখ টাকার ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘লোডশেডিংয়ের কারণে মানুষের কষ্ট হচ্ছে। এই সংকট আমেরিকা-রাশিয়ার তৈরি। অথচ, একটি মহল আমাদের দোষারোপ করে ফায়দা নেওয়ার অপচেষ্টায় আছে। সামনে নির্বাচন আসছে, বন্ধু-শত্রু আপনারাই বাছাই করবেন। বিদ্যুৎ, রাস্তাঘাট, সার, বীজ বিনামূল্যে আওয়মী লীগ সরকারই গ্রামের মানুষকে দিচ্ছে।’ এগুলো বিবেচনা করার জন্য সবিনয়ে অনুরোধ করেন তিনি।

























