গাজীপুর জেলায় যোগদানকৃত জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার কাজী শফিকুল আলমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছানোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী, অতিরিক্ত পুলিশ সুপার ডা: নন্দিতা মালাকার সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় তিনি অগ্রাধিকারের ভিত্তিতে জেলার মাদক নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ, কিশোর অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।
এর আগে নবাগত এসপি কাজী শফিকুল আলম সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নতুন কর্মস্থল গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেছেন। সোমবার সকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরা। পরে তিনি সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ও জেলা পুলিশ লাইন পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন জানান, ইতোপূর্বে তিনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপ-কমিশনার ছিলেন। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রীধারী। তিনি ২৫তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশের চাকুরিতে যোগ দেন। তিনি দুই কণ্যা সন্তানের জনক। তার স্ত্রী একজন গৃহিনী। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















