বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, জ্বালানি তেল, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যবৃদ্ধি, আওয়ামী পুলিশ ও সন্ত্রাসীদের গুলিতে হত্যা, হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় কোমরপুর আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। দলটির কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত হয়েছেন। সমাবেশের প্রধান অতিথি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে উপস্থিত হয়েছেন। এখন বক্তব্য রাখছেন জেলার ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এদিকে বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে গতকাল থেকেই কার্যত সারা দেশ থেকে বিচ্ছিন্ন ফরিদপুর। ধর্মঘটের কারণে ফরিদপুরের ওপর দিয়ে বরিশালগামী পাঁচ জেলার বাসও চলাচল করেনি। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির বড় জমায়েত ঠেকাতে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। নেতাকর্মীদের গ্রেপ্তার, বাড়িতে তল্লাশিও করা হচ্ছে। ফরিদপুর শহরের মোড়ে মোড়ে পহারায় বসেছে পুলিশ। করা হচ্ছে তল্লাশিও।
ঢুকতে দেয়া হচ্ছে না কোনো গাড়ি। বাধা-বিপত্তির পরও সমাবেশে বিএনপি নেতাকর্মীদের ঢলে নেমেছে। সমাবেশস্থল থেকে কয়েক কিলোমিটারজুড়ে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।
বিজনেস বাংলাদেশ / বিএইচ


























