বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে নেতাকর্মীদের ভিড় জমেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করতে সেখানে উপস্থিত হয়েছেন সংগঠনটির কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় যুবদলের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন।
এ সময় ‘তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এতে যুবদলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা অংশ নেবেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী রাজনীতির পক্ষে কাজ করে যাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।
যুবদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগবিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে যুবদল দীর্ঘদিন ধরে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, এটি আমাদের জন্য নতুন করে শপথ নেওয়ার দিন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষের প্রত্যাশা পূরণে যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলটির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে যুবদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে আসছেন।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া ২৭ ও ২৮ অক্টোবর সারা দেশে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, রক্তদান, বিনামূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন কর্মসূচি পালন করবে সংগঠনটি। পাশাপাশি মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগও নেওয়া হয়েছে।
বর্তমানে যুবদলের সভাপতির দায়িত্ব পালন করছেন আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন নুরুল ইসলাম নয়ন।
ডিএস./




















