সিলেটের জৈন্তাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জাফলংয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গত শক্রবার সিলেট তামাবিল মহাসড়কের শ্রীপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে অপর আরেকজন চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলো গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদের ছেলে সাকরান হাসান (১৫) এবং একই এলাকার প্রবাসী আকবর মিয়ার ছেলে শাহীন আহমেদ (১৫)। তারা দুজনেই জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। শাহীন ও সাকরান দুজনে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মামুন আহমদ (২১)। সে জৈন্তাপুর উপজেলার নিজপাট যশপুর গ্রামের নবু মিয়ার ছেলে।
দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পুরো জাফলং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরের দিকে শাহীন আহমেদ ও সাকরান হাসান দুই বন্ধু মিলে মোটরসাইকেলযোগে জাফলং থেকে জৈন্তাপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাওয়ার পথে তারা শ্রীপুর বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল পাথরবাহী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটির ৩ জন আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
প্রথমে তাদেরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাহীন আহমেদ মারা যায়। পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাকরান হাসানেরও মৃত্যু হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
বিজনেস বাংলাদেশ / bh




















