আমরা ৬ বছর ধরে বিভিন্ন উপলক্ষে গাছের চারা রোপণ করছি। তবে প্রধান লক্ষ পৃথিবীর পরিবেশ ভালো রাখা। এ পর্যন্ত দেশের ২১টি জেলার ৪৬টি উপজেলায় বিভিন্ন সংগঠনকে সাথে নিয়ে ৮০ হাজার চারা রোপন ও বিতরন করেছি। আমরা সবসময় আমাদের দেশীয় প্রজাতির ফলজ ও ঔষধি গাছের প্রতি গুরুত্ব দিয়েছি। দেশের বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে মানুষকে বুঝিয়েছি কোন গাছটি কি পরিমান ফল দিবে, কি ধরনের ঔষধি গুন আছে। এতে মানুষ আন্তরিকভাবে গাছগুলোর যত্ন করে। কারও জন্মদিন, বিবাহ বা মৃত্যুর মতো উপলক্ষেও আমরা গাছের চারা রোপন করেছি। এতে মানুষের আবেগের সম্পৃক্ততা তৈরি হয়। নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৩৬ হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বৃক্ষ প্রেমী মো. সাখাওয়াত উল্যাহ এসব কথা বলেন।
মো. সাখাওয়াত উল্যাহ আরো বলেন, ১৮ জানুয়ারী চরবাটা খাসের হাট স্কুল থেকে এই ৩৬ হাজার গাছের চারা বিতরণ অনুষ্ঠান শুরু হলো। আগামী ৩৬ দিনের মধ্যে এই কর্মসূচী সম্পন্ন হবে। এর ফলে আমাদের ১ লক্ষ ১১ হাজার গাছের চারা রোপন সম্পন্ন হবে। এক লাখ চারার মাইলফলক শেষ হলে আমরা নতুন লক্ষমাত্রা নির্ধারণ করে সারাদেশে আমাদের কার্যক্রম নতুনভাবে শুরু করবো।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয় উপলক্ষে উপজেলার চরবাটা ইউনিয়নের খাসের উচ্চ বিদ্য্যালয় প্রাঙ্গণে ৩৬ হাজার চারা বিতরণ করেছে আর্জেন্টিনা সমর্থকরা।
চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাসের সভাপতিত্বে সানজিদা ফেরদৌস দিবা আর্জেন্টিা পাঁড় সমর্থকের সৌজন্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈকত সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।
আয়োজক মিডিয়া ব্যক্তিত্ব ও আর্জেন্টিনার ফাড় সমর্থক অনুপম ফকির বলেন,আমাদের ভলান্টিয়ারদের অধিকাংশ আমরা আর্জেন্টিনা সাপোর্টার। বৃক্ষ প্রেমী মো. সাখাওয়াত উল্যাহ ঘোষনা দিলেন, আর্জেন্টিনা যখন বিশ^কাপ জিতেই গেলো তখন ঘোষণা দিলো সারাদেশে ১০ হাজার চারা রোপন করবে। সেই লক্ষে সাত জেলায় তাদের গাছ পৌঁছে গেছে। তখন আমি অনুপ্রেরণা দিলাম ‘৩৬ বছর পর বিশ^কাপ পাইলাম তোমরা গাছ দিবা দশ হাজার! কিছু হইলো!! ৩৬ হাজার দাও একটা ভালো উদযাপন হোক।’ তাই মাস পূর্তিতে ৩৬ হাজার সম্প্রীতির গাছের উৎসব শুরু হলো।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, চর আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, মিডিয়া ব্যক্তিত্ব অনুপম ফকির, বৃক্ষ প্রেমী ও সমাজ সেবক মো. সাখাওয়াত উল্যাহ, চরবাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন প্রমূখ।
উল্লেখ্য, সাদার শুভ্রতায় আর নীল বেদনা বুকে ধারণ করেও ভালোবাসায় অটল থাকার প্রতীক আর্জেন্টিনার সমর্থকদের আয়োজনে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানে ১৮ জানুয়ারি থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত গাছের চারা রোপন ও বিতরণ উৎসব চলবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


















