কুড়িগ্রামের উলিপুরে রিংকি বেগম (১৮) নামে সদ্য বিবাহিত এক নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সদ্য বিবাহিত ঐ নারী এক সেনা সদস্যের স্ত্রী। ঐ নারী তার বাবার বাড়িতে রাতে এমন নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছেন।
নৃশংস এ ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ আগস্ট) রাতে জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। হত্যার শিকার রিংকি বেগম (১৮) ঐ গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।ঘটনাস্থলে উলিপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
স্হানীয় সূত্রে জানা গেছে ,প্রায় ৫ মাস আগে রিংকি বেগমের বিয়ে হয় উলিপুরের মাঝবিল গ্রামে। তার স্বামী চট্রগ্রামে সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত। রিংকি ৪ দিন আগে বাবার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার রাতে তার দাদি, দাদা, ভাই বাড়িতেই ছিলো। অন্যান্য দিন রিংকির সঙ্গে তার মা ঘুমালেও শনিবার রাতে তার মা বেরাতে যাওয়ায় মেয়েটি একাই ঘরে ছিলো। সকালে ডাকাডাকি করে তার সাড়া না পাওয়া গেলে অন্য একটি দরজা দিয়ে ঢুকে মেয়েটির গলাকাটা লাশ দেখে তার ভাই। তা দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন আসতে থাকে। মধ্যরাতে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে ধারণা করতে পারছেনা পরিবার।
এ ব্যপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ bh




















