কয়েকদফা পেছানোর পর অবেশেষ কিনব্রিজের সংস্কার কাজ শুরু হলো। ঐতিহ্যবাহী সুরমা নদীর উপর দাঁড়িয়ে থাকা কিনব্রিজটি দীর্ঘ দিন থেকে সংস্কারের অভাবে ব্রিজের অবস্থা এখন ঝুঁকিপূর্ণ। বিভিন্ন সময় সংস্কারের দাবি উঠলেও নানা জটিলতায় তা হয়নি।অবশেষে শুরু হলো সিলেটের কিনব্রিজের সংস্কার কাজ।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল থেকে ব্রিজের কাজ শুরু করে দিয়েছে রেলওয়ে বিভাগ। গতকাল বুধবার (১৬ আগস্ট) সকাল থেকে কিনব্রিজ দিয়ে সকল ধরণের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ১৬ আগস্ট থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দুই মাস যান চলাচল বন্ধ থাকবে বলে রেলওয়ের পূর্বাঞ্চল প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়েছে। ইতোমধ্যে সেতু বন্ধের ঘোষণা দিয়ে কিনব্রিজের দুই পাশে নোটিশ টানিয়েছে রেলওয়ের সেতু বিভাগ।
সিলেটের পরিচিতির অংশ হয়ে ওঠা কিনব্রিজ নির্মাণ হয় ব্রিটিশ আমলে। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেয়া হয়েছিল। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুর নামকরণ হয় ‘কিনব্রিজ’।
গত ২৫ জুলাই সেতু বন্ধের ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল। তবে তা কয়েক দফা পিছিয়ে বুধবার থেকে সম্পূর্ণ বন্ধ করে ব্রিজের কাজ শুরু করে দিয়েছে রেলওয়ে।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, বুধবার থেকে কিনব্রিজে সব ধরণের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দুই মাস সংস্কার কাজ চলবে। সংস্কার শেষে আবারও জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, রেলওয়ের বিভাগকে দুই মাসের আগে কাজ শেষ করার জন্য বলা হয়েছে। সংস্কারে পরে কিন ব্রিজ দিয়ে আর বড় ধরণের যানবাহন চলাচল করতে দেয়া হবে না।
উল্লেখ্য,সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, জরাজীর্ণ কিনব্রিজ সংস্কারের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সওজ সিলেট অফিস। ওই বছরেরই জুনে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেয়া হয়।সিলেট নগরের মাঝামাঝি এলাকার এই সেতুটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন হলেও এটি সংস্কার করবে রেলওয়ের সেতু বিভাগ। আর সেতুটি দেখভাল করে সিলেট সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগ।
বিজনেস বাংলাদেশ/ একে




















