পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ১২ তলা ছাত্র হলে কাজ করতে গিয়ে রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে ক্যাম্পাসের নির্মাণাধীন শেখ রাসেল হলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর বাগানপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে তুহিন (২৫), রাজশাহী জেলার গোদাগাড়ীর বিগ্রাম ঘন্টি বিগ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (২৭)।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করে জানান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১২ তলা বিশিষ্ট নির্মাণাধীন শেখ রাসেল ছাত্র হলের কাজ করার সময় শুক্রবার সকাল ৯ টার দিকে রশি ছিঁড়ে পড়ে গিয়ে ঘটনাস্থলেই একজন মারা যায়, আর আহত দুই জনকে অন্যান্য শ্রমিকরা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে আরেক জন মারা যায়।
এব্যাপারে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, আমরা একজন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছি। তবে রাজশাহী নেওয়ার পথে আরেক জন মারা গেছে কিনা এখনো নিশ্চিত হতে পারিনি। বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক বা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং দপ্তরের লোকজন কোন ধরনের সমন্বয় না করার কারনেই বিষয়টি কনফার্ম হতে পারছি না।
বিজনেস বাংলাদেশ/একে





















