ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দেওয়াকে বাংলাদেশের বিচার ব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপ বলে অভিহিত করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনাত হুদা এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি বিবৃতিতে এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, ‘বিবৃতি দাতারা বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি সম্মান জানিয়ে তাদের বিভ্রান্তিমূলক ও অজ্ঞতাপ্রসূত মতামত প্রত্যাহার করে বাংলাদেশের মতো স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা সমুন্নত রাখবেন বলে আমরা মনে করি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিবৃতিতে বলেছে, যারা খোলা চিঠি পাঠিয়েছেন, তারা শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। একটি স্বাধীন সার্বভৌম দেশের বিচার ব্যবস্থার ওপর এমন অযাচিত হস্তক্ষেপের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে।
সংবিধানের ৯৪(৪) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে বিচার কাজ পরিচালনা করে। কাজেই এ ধরনের চিঠির মাধ্যমে তারা অনৈতিক, বেআইনি ও অসাংবিধানিকভাবে দেশের বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ করেছেন।
শিক্ষক সমিতি উদ্বেগ জানিয়েছে বলেছে, চিঠিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা ড. মুহাম্মদ ইউনুসের স্বার্থ রক্ষায় আগ্রহী হলেও শ্রমিকদের মানবাধিকার ও আইনি সুরক্ষার বিষয়ে সম্পূর্ণভাবে নিশ্চুপ থেকেছেন। এ ধরনের বিবৃতি আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং বাংলাদেশের আইনে শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিধানাবলির সম্পূর্ণ পরিপন্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলছে, খোলা চিঠিতে যে সকল ব্যক্তিদের নাম রয়েছে, তাদের দেশেও শ্রমিকদের অধিকার ও রাষ্ট্রীয় বিধি বিধানকে সর্বোচ্চ সম্মান ও গুরুত্বের সঙ্গে দেখা হয়। তাছাড়া একই চিঠিতে বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচন সংক্রান্ত বিষয়ে যে ধরনের মন্তব্য করা হয়েছে, তা স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হস্তক্ষেপের শামিল। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের জনগণ এ ধরনের অবমাননাকর, অযাচিত ও বেআইনি হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেবে না।
এ ধরনের বিবৃতির পেছনে গোপন কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কি-না তা নিয়েও প্রশ্ন তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
ইউনূসের পক্ষে বিবৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ বিবৃতিতে বলেছে, বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন এবং সবকিছু আইন অনুসারে পরিচালিত হয়। স্বাধীন বিচার বিভাগ সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এক্ষেত্রে কারও কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। বাংলাদেশ সংবিধানের ২২ অনুচ্ছেদ অনুসারে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন। অর্থাৎ বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, নির্বাহী বিভাগ এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না।
























