নীলফামারীর ডোমার উপজেলায় মহিলা উদ্যোক্তা আন্জুমান আরার বন্ধ দোকানের সামনে থেকে এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার ৫ মে সকালে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আঠিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে এলাকাবাসী আন্জুমান আরার বন্ধ দোকানের সামনে রবিউল ইসলাম (২৫) নামের এক যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। নিহত রবিউল একই এলাকার আব্দুল মালেকের ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
ঘটনার পরপরই ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা বলেন, “সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। একজন যুবকের এমন অস্বাভাবিক মৃত্যু এলাকাবাসীর জন্য উদ্বেগজনক। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে, আশা করছি দ্রুত রহস্য উদঘাটন হবে।”
নিহতের পরিবার জানায়, রবিউল আগের দিন রাতে স্বাভাবিকভাবেই বাড়ি থেকে বের হয়েছিলেন। নিহতের বাবা আব্দুল মালেক বলেন, “আমার ছেলে কারও সঙ্গে কোনো ঝামেলায় ছিল না। আমরা তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না। আমরা সঠিক তদন্ত ও দোষীদের বিচার চাই।
নিহতের স্বজনদের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; এর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে বলে তাদের সন্দেহ।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লা বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। যদি কোনো অপরাধের আলামত পাওয়া যায়, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে রহস্যজনক এই মৃত্যুকে ঘিরে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
ডিএস.



















