জেলার বন্ধ কল কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনায় কর্মরত সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, এই মুহুর্তে দেশে সাড়ে চার কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করছে। ৩ কোটি ৬০ লাখ বেকার রয়েছেন। এমনই এক সংকটে রয়েছে দেশ। এই সমস্যাগুলো সমাধান নাহলে যেই ক্ষমতায় আসুক সঠিকভাবে দেশ পরিচালনা সম্ভব নয়। দেশের সংকট কাটাতে সরকার গঠনের এক বছরের মাথায় অন্তত এক কোটি বেকার যুবককে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। পরিবারগুলোতে স্বচ্ছলতা ফেরাতে হবে। সুচিকিৎসার মাধ্যমে সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত ও দুর্নীতি রুখতে হবে। এসব সংকট মেটাতে বিএনপি কাজ করতে চায়। দুর্নীতি রোধের ক্ষেত্রে তারেক রহমান যে প্ল্যান রেখেছেন সেক্ষেত্রে দুর্নীতি করে নেতাদের আর বিদেশে বাড়ি কেনার সুযোগ নেই। এছাড়া মানুষের ঘরে ঘরে স্বচ্ছলতা ফেরাতে ফ্যামিলি ও কৃষি কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে।
শিমুল বিশ্বাস বলেন, একটি দল জান্নাতের টিকিট দেবার কথা বলে ভোটারদের সাথে প্রতারণার চেষ্টা করছে। দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই অথচ তারা প্রতারণার মাধ্যমে দেশের মালিকানা দাবি করছে। আমরা দেশের মালিক হতে চাই না। মানুষের সমস্যা নিয়ে কাজ করতে চাই। পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ঢাকা-পাবনা ট্রেন, কাজিরহাট ফেরীঘাটকে খাসচরে স্থানান্তর, আব্দুল হামিদ সড়ককে চার লেনে উন্নীতকরণ ও তরুণদের কর্মসংস্থানের জন্য আইসিটি পার্ক গড়ে তোলা সহ স্বাস্থ্যসেবা ও শিক্ষার মান বৃদ্ধির উদ্যোগ নিতে চাই। এছাড়া হোসিয়ারি শিল্প সহ ব্যবসায়িক প্রসারতা বৃদ্ধি সহ পাবনাকে নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে। এসব বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসনের জন্য দীর্ঘ ১৭ বছরের লড়াইয়ের চূড়ান্ত পরিণতি দেখা যাবে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে। এসময় সাংবাদিক ও আমাদের জন্য বড় চ্যালেঞ্জ অপতথ্য বা গুজব। এক্ষেত্রে মিথ্যা তথ্য বা গুজবে কান না দিয়ে সঠিক তথ্য তুলে ধরে সাংবাদিকরা সহযোগিতা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
ডিএস./



















