ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনে ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জেলার দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী এবং একটি আসনে ১১ দলীয় ঐক্যজোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী বিজয়ী হয়েছেন।বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন। এ সময় বিজয়ী প্রার্থীদের কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।
সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়েছে মাদারীপুর-১ (শিবচর) আসনে। এখানে ধানের শীষের প্রার্থীকে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে হারিয়ে চমক দেখিয়েছেন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।রিকশা প্রতীকে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।
ফরায়েজী আন্দোলনের নেতা হাজী শরিয়তউল্লাহ (রহ.)-এর সপ্তম পুরুষ ও পীরজাদা হিসেবে পরিচিত সাইদ উদ্দিন আহমাদ হানজালা এবারই প্রথম জাতীয় নির্বাচনে অংশ নিলেন। স্থানীয় রাজনীতিতে নতুন মুখ হলেও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তার কারণে তিনি হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে জয়ী হয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
মাদারীপুর-২ (রাজৈর-মাদারীপুর সদর একাংশ) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬১ হাজার ৭৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।
মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার-সদর একাংশ) আসনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে বিএনপি। এই আসনে ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৬ হাজার ১২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৬৪৬ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, মাদারীপুরের তিনটি আসনেই অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে শুরুর দিকে উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।তিনি আরও বলেন, “বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হলো। খুব শিগগিরই নির্বাচিত সংসদ সদস্যদের নাম গেজেট আকারে প্রকাশ করা হবে।”ফলাফল ঘোষণার পর গভীর রাত পর্যন্ত মাদারীপুরের বিভিন্ন এলাকায় বিজয়ী প্রার্থীদের সমর্থকদের আনন্দ মিছিল করতে দেখা গেছে।
ডিএস./




















