নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির ঘটনায় সক্রিয় আন্তঃজেলা চোরচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারটি পাওয়ার টিলার ও একটি মিনি পিকআপ উদ্ধার করেছে জেলা পুলিশ। এ সময় চোরচক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি মান্দা থানার বিভিন্ন এলাকায় একাধিক ট্রাক্টর ও পাওয়ার টিলার চুরির অভিযোগ পাওয়া যায়। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। দলে অভিজ্ঞ ও চৌকস পুলিশ সদস্যদের যুক্ত করে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করা হয়।
অভিযানের অংশ হিসেবে চোর সন্দেহে মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের মোঃ ফারুক হোসেন (৪৫), কে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী নওগাঁর মহাদেবপুর উপজেলার শালবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে মৃত আবুল বক্কর সিদ্দিক এর ছেলে মিলন হোসেন (৫০) কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি চোরাই পাওয়ার টিলার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই আসামি আন্তঃজেলা ট্রাক্টর চোরচক্রের সদস্য বলে স্বীকার করে এবং আরও কয়েকটি চুরির ঘটনার তথ্য দেয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী অভিযান পরিচালনা করে মান্দা থানা পুলিশ। এ সময় তাদের দেখানো স্থান ও হেফাজত থেকে আরও তিনটি পাওয়ার টিলার উদ্ধার করা হয়। এছাড়া চুরি করা পাওয়ার টিলার পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ জব্দ করা হয়েছে।
ট্রাক্টর হারানোর অভিযোগকারী রহিদুল ইসলাম ও জয়নুল ইসলাম বিশ্বাস বলেন, “পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে আমাদের চুরি যাওয়া পাওয়ার টিলার উদ্ধার হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ।”
কৃষিনির্ভর মান্দা উপজেলার কৃষকদের জন্য পাওয়ার টিলার অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষি যন্ত্র। চারটি পাওয়ার টিলার উদ্ধার ও চোরচক্রের সদস্য গ্রেপ্তার হওয়ায় স্থানীয় গ্রামবাসী মান্দা থানা পুলিশ ও নওগাঁ জেলা পুলিশের প্রতি সন্তোষ ও ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলায় অপরাধ প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে। চোরচক্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে জনসাধারণকে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডিএস,.



















