আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে কুমিল্লায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কুমিল্লা সদরের বাদশা মিয়ার বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ক্রয় ভাউচার সংরক্ষণ না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে নিয়মিতভাবে ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও যৌক্তিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে দোকানগুলোর ক্রয় ও বিক্রয় সংক্রান্ত বিভিন্ন নথিপত্র যাচাই করা হয়। পাশাপাশি ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত হয়। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিএস./



















