বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,মাদক পাচার,চোরাচালান, ঠেকাতে সীমান্তে বিশেষ নজরদারি জোরদার করেছে। দুর্গম ও অন্ধকারাচ্ছন্ন সীমান্ত এলাকায় অপরাধীদের গতিবিধি শনাক্ত করতে এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন, সন্দেহভজন যে কোন ব্যাক্তির গতিবিধি শনাক্ত করতে নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট ও সিসি ক্যামেরা। এছাড়াও বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও পরিচালিত হচ্ছে যৌথ অভিযান।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা প্রদান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।
তিনি জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় কুমিল্লা সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান,অবৈধ পুশইন প্রতিরোধের পাশাপাশি মামলার পলাতক আসামিরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি সীমান্ত চৌকিকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানান।
ডিএস./




















