ভারতীয় ক্রিকেটে এখন প্রশংসার বন্যায় ভাসছেন পৃথ্বী শ’। তার প্রশংসাকারীর তালিকায় এবার যুক্ত হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি নিজেই। জানালেন, পৃথ্বীর বয়সে তিনি তার দশ ভাগের এক ভাগও ছিলেন না।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে সেরা ক্রিকেটার হয়েছেন পৃথ্বী। দুই টেস্টের পরে তাঁর ব্যাটিং গড় ১১৮। সেঞ্চুরি না পেলেও হায়দরাবাদে দ্বিতীয় টেস্টেও দুর্দান্ত খেলেছেন।
সেই পৃথ্বীকে নিয়ে কোহলি বলেন, ‘নতুন বলে পৃথ্বী যে ব্যাটটা করেছে, তা অসাধারণ। আগ্রাসী ব্যাট করলেও ও কিন্তু সব সময় নিয়ন্ত্রিত শট খেলেছে। নতুন বলের বিরুদ্ধে এ রকম নিয়ন্ত্রিত ব্যাটিং খুব কমই দেখা যায়। পৃথ্বী এখন যে ক্রিকেটটা খেলছে, ১৮-১৯ বছর বয়সে তার দশ শতাংশও আমরা কেউ পারিনি।’
পৃথ্বীর আগ্রাসী ব্যাটিংয়ে ঝুঁকির মাত্রা খুবই কম। এ নিয়ে কোহলির মন্তব্য ‘পৃথ্বী কিন্তু ঝুঁকি নিয়ে ব্যাট করে না। ও খুব সচেতন ভাবে খেলে। ওর নিজের ওপর খুব আস্থা আছে। পৃথ্বীর ব্যাটিং দেখে অনেকেই হয়তো মনে করবেন, এই বুঝি ও খোঁচা মেরে বসবে। কিন্তু ও খোঁচা প্রায় মারেই না।’
এদিকে সোমবার কোহলি টুইট করে করে লিখেন, ‘ফোকাস এবং পরিশ্রম ঠিক থাকলে, সব কিছুই সম্ভব। পরিশ্রম করে যাও আর নিজের ওপর বিশ্বাস রাখো।’
বিবি/রেআ
























