এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করার সময় বাঁহাতের কবজিতে পাওয়া চোট থেকে এখনও রেহাই পাননি টাইগার ওপেনার তামিম ইকবাল। কবজির ব্যান্ডেজ খোলা হবে ২০ অক্টোবর।
তাই ডান হাত দিয়েই এখন তাকে সব কাজ করতে হচ্ছে। সেই ডান হাত দিয়েই বিশ্বভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে আসা ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ট্রফিটি তুলে ধরলেন টাইগার ওপেনার।
বুধবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় বিশ্বকাপের ট্রফি মিরপুর হোম অব ক্রিকেটে এলে দুপুর ১২টায় শের-ই-বাংলা স্টেডিয়ামস্থ বিসিবি একাডেমির সামনে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন তার সতীর্থরা। কিন্তু সেখানে তিনি আসতে পারেননি।
পরে শের-ই-বাংলা স্টেডিয়ামে ট্রফি গেলেও সেখানে যাননি তামিম। হয়তো আসন্ন জিম্বাবুয়ে সিরিজে স্কোয়ডে নেই বলেই সেদিকে আর পা বাড়ান নি তিনি।
পাশাপাশি হাতের ব্যান্ডেজের অস্বস্তি তো আছেই। কিন্তু তাই বলে ট্রফি ছোঁয়া তো তিনি মিস করতে পারেন না। তাছাড়া লাল-সবুজের ব্যাটিং স্তম্ভ ট্রফি ছুঁয়ে দেখবেন না তাই বা কি করে হয়?
সেই ভাবনা থেকেই হয়তো ড্রেসিং রুমের সামনে তার জন্যই ট্রফিটি নেয়া হয়। আর সেখানেই স্বপ্নের বিশ্বকাপ ট্রফিটি একহাতে তুললেন বাংলাদেশের সর্বোচ্চ এই রান সংগ্রাহক।
উল্লেখ্য, গেল ২৭ আগস্ট ভ্রমণে বের হয় বিশ্বকাপ ট্রফি। নয় মাসে মোট ২১টি দেশের ৬০টি শহর ভ্রমণ করবে এটি। ভ্রমণের অংশ হিসেবে বর্তমানে বাংলাদেশে আছে এটি।
বিবি/জেজে
























