কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবরে শোকের এই ধাক্কা লেগেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও। বৃহস্পতিবার সকালে বাচ্চুর মৃত্যুর খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, রুবেল হোসেন ও সাব্বির রহমানসহ বিভিন্ন খেলোয়াড় এবং কর্মকর্তারা।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে নিজের বাসায় অসুস্থ হয়ে পড়ার পর আইয়ুব বাচ্চুকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৯টা ৫৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম তার পোস্টে লেখেন, ‘দিনের শুরুতে কী কষ্টের এক সংবাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তার আত্মা শান্তি পাক।’ সঙ্গে আইয়ুব বাচ্চুর একটি ছবিও পোস্ট করেন তিনি।
জাতীয় দলের বোলার রুবেল হোসেন আইয়ুব বাচ্চুর সঙ্গে তার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। সত্যি মানতে পারছি না আমি ছোটবেলা থেকেই জেমস ভাই বাচ্চু ভাই এদের গান শুনি. আমি বাচ্চু ভাইয়ের বিশাল বড় একজন ফ্যান সেদিনও টিভিতে তার কনসার্ট দেখছিলাম। আল্লাহ এটা কি হয়ে গেল আসলে সবাইকে চলে যেতে হবে একদিন এটাই বাস্তবতা তার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন প্রিয় শিল্পী কে বেহেশত নসীব করেন আমিন।’
বিবি/জেজে
























