দীর্ঘ ছয় বছর পর স্পট ফিক্সিংয়ের দায় স্বীকার করে নিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা দীনেশ কানেরিয়া। আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দায় স্বীকার করেন।
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে কানেরিয়াকে ২০১২ সালে খেলার জগত থেকে আজীবনের জন্য নির্বাসিত করা হয়। কিন্তু এতদিন ধরে তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছিলেন।
তবে আজকের দেওয়া সাক্ষাৎকারে সাবেক এই ক্রিকেট তারকা বলেন, মিথ্যে নিয়ে সারাজীবন বেঁচে থাকা যায় না। আর এই বাস্তবতাটাই আমার মধ্যে সত্যি কথা জানানোর মত মনের জোর বাড়িয়েছে।
তিনি আরও বলেন, আমি আমার ক্রিকেট বোর্ড, দেশ ও আমার ভক্তদের বলতে চাই, আমি সত্যি দুঃখিত, আমার পরিস্থিতিটা বুঝে আমাকে ক্ষমা করে দিবেন। সত্যি আমি অনেক ভুল করেছি।
২০০৯ সালে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে আসেক্স এবং ডারহামের ম্যাচে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠে এই ক্রিকেটারের বিরুদ্ধে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তদন্ত করে জানায়, আসেক্সের খেলোয়াড় মারভিন ওয়েস্টফিল্ড ফিক্সিংয়ে জড়িত আর ওয়েস্টফিল্ডকে বুকির সঙ্গে পরিচয় করে দেন কানেরিয়া।
তদন্তের পর ওয়েস্টফিল্ড দায় স্বীকার করে নিলেও এতদিন কানেরিয়া নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তবে অবশেষে স্পট ফিক্সিংয়ের দায় স্বীকার করে নিলেন পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার।
বিবি/এসআর
























