এএফসি অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশ নিতে গত শনিবার তাজিকিস্তানের দুশানবেতে পৌঁছায় বাংলাদেশের মেয়েরা। আগামী ২৪ অক্টোবর বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন মৌসুমীরা। ম্যাচটিকে সামনে রেখে গতকাল অনুশীলন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এ সময় মৌসুমীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন দলের টেকনিক্যাল এন্ড স্ট্রাটেজিক্যাল ডিরেক্টর পল থমাস স্মালে। এ ছাড়া প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন এবং কোচিং স্টাফের অন্য সদস্যরাও তখন উপস্থিত ছিলেন।
কোচ গোলাম রব্বানী ছোটন জানান, সার্বিক পরিস্থিতি নিয়ে দলের খেলোয়াড়রা বেশ সন্তুষ্ট এবং মানসিকভাবেও শিষ্যরা চাঙ্গা আছে। তাই সাফল্য পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।
উল্লেখ্য, বাংলাদেশের মেয়েয়া তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে আগামী ২৬ অক্টোবর। ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ চায়নিজ তাইপে। এরপর ২৮ অক্টোবর স্বাগতিক তাজিকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলবেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
বিবি/রেআ
























