সব কিছু ঠিক থাকলে আগামী বছর জানুয়ারিতে মাঠে গড়াবে বিপিএলের ষষ্ঠ আসর। আজ (২৮ অক্টোবর) অনুষ্ঠিত হল এবারের প্লেয়ার্স ড্রাফট । রোববার রাজধানীর পাঁচতারকা হোটেল র্যাডিসন ব্লুতে বেলা ১২টায় শুরু হয় এ নিলাম। তাতে দল পেয়েছেন বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ক্রিকেটার শহীদ আফ্রিদি। তাকে কিনেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। এ দলের আইকন ক্রিকেটার জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল।
এর আগেও বিপিএলের আসরগুলোতে মাঠ মাতিয়েছেন আফ্রিদি। খেলেছেন ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও ঢাকা ডায়নামাইটসের জার্সি গায়ে। এবার তাকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ফলে নতুন ঠিকানায় আসন গাড়ার সুযোগ পেলেন পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার।
জাতীয় দল থেকে অবসর নেয়া সত্ত্বেও বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন আফ্রিদি। তার ভিত্তিমূল্য ছিল ২ লাখ ডলার (প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা)। সমমূল্যেই বুমবুমখ্যাত ক্রিকেটারকে কিনে নিয়েছে কুমিল্লা।
গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান পাকিস্তানের এই কিংবদন্তি ক্রিকেটার। তবে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটসহ বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে যাচ্ছেন তিনি। পিএসএল, পিসিএল, এপিএল, সিপিএল, বিগ ব্যাশ, বিপিএল মাতিয়ে যাচ্ছেন ৩৮ বছর বয়সী আফ্রিদি।
বিবি/এসআর






















